মুরগির ফার্মকে ঘিরে পরিবেশ দূষণ ও জমি নিয়ে বিরোধ,দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ
আব্দুর রউফ ভুঁইয়া :কিশোরগঞ্জ প্রতিনিধি-কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের পশ্চিম মাথিয়া গ্রামে একটি মুরগির ফার্মকে কেন্দ্র করে পরিবেশ দূষণ এবং জমি-সংক্রান্ত বিরোধ সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর একাংশ অভিযোগ তুলেছেন ফার্মের কারণে পরিবেশ দূষণ হচ্ছে। অন্যদিকে ফার্ম মালিক বলছেন এই অভিযোগের পেছনে জমি বিরোধের কথা।
রবিবার (২৫ মে) স্থানীয় বাসিন্দা ইদ্রিস আলীর নেতৃত্বে এলাকাবাসী পরিবেশ অধিদপ্তরের কিশোরগঞ্জ কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়, মজলু মিয়ার মুরগির ফার্ম থেকে প্রতিদিন বর্জ্য ও ময়লা রাস্তার পাশের গর্তে ফেলা হচ্ছে, যার ফলে দুর্গন্ধ ও বায়ু দূষণের সৃষ্টি হচ্ছে। এতে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, এবং শিশুদের মধ্যে নানা ধরনের রোগব্যাধি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
ইদ্রিস আলী জানান, আমাদের এলাকার প্রায় ৩’শটি পরিবার এই দুর্গন্ধ ও দূষণের মধ্যে বসবাস করছে। আমরা অনেকবার বলার পরও ফার্ম মালিক কর্ণপাত করেননি, উল্টো হুমকি দেয়। তাই বাধ্য হয়ে পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেছি।
অন্যদিকে ফার্মের মালিক মজলু মিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বলেন, আমি গত চার বছর ধরে এখানে ফার্ম চালাচ্ছি। এতদিন কেউ কিছু বলেনি। সম্প্রতি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে কিছু বিরোধ সৃষ্টি হয়েছে, তখনই এই অভিযোগ করা হয়েছে।
মজলু মিয়া বলেন, সরকারী খাস জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের কথা থাকলেও কিছু প্রভাবশালী ব্যক্তি তাঁর পৈত্রিক জমির উপর দিয়েই রাস্তা নির্মাণ করতে চাচ্ছেন। এ বিষয়ে তিনি বুধবার (১৪ মে) কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি বলেন, আমি কোনো ঝগড়ায় যেতে চাই না, শুধু চাই আমার জমিতে যেন অবৈধভাবে রাস্তা না করা হয়।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. মমিন ভূইয়া জানান, এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি, সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































